শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

দীর্ঘ প্রেমের পর গ্যাব্রিয়েলাকে বিয়ে করলেন অর্জুন রামপাল

দীর্ঘ প্রেমের পর গ্যাব্রিয়েলাকে বিয়ে করলেন অর্জুন রামপাল

বিনোদন ডেস্ক:দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার বিয়ের বন্ধনে গড়াল বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসের। গোয়ায় সাদামাটা আয়োজনে আইনি প্রক্রিয়ায় বিয়ে নিবন্ধন করেছেন এই তারকা জুটি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, উত্তর গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। স্থানীয় নিয়ম অনুযায়ী প্রথম ও দ্বিতীয় স্বাক্ষরের মধ্যে ১৫ দিনের অপেক্ষার বিধান থাকলেও বিশেষ অনুমতি নিয়ে দ্রুত বিয়ে নিবন্ধন করেন তাঁরা।

সাব-রেজিস্ট্রার সুরজ ভেরনেকারের তথ্য অনুযায়ী, গোয়ার ইউনিফর্ম সিভিল কোডের অধীনে তাঁদের বিয়ে নিবন্ধিত হয়েছে। বিশেষ দিনটিতেও ছিল না কোনো জাঁকজমক। সাধারণ পোশাকে কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকে সঙ্গে নিয়ে কার্যালয়ে হাজির হন অর্জুন ও গ্যাব্রিয়েলা।

২০১৮ সালে গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কে জড়ান অর্জুন। বিয়ের আনুষ্ঠানিকতা ছাড়াই এরপর একসঙ্গে সংসার শুরু করেন তাঁরা। ২০১৯ সালে তাঁদের প্রথম সন্তান এরিক এবং ২০২৩ সালে দ্বিতীয় সন্তান এরিভের জন্ম হয়।

দীর্ঘদিন একসঙ্গে থাকার পর ২০২৫ সালে গ্যাব্রিয়েলার সঙ্গে বাগদানের খবর প্রকাশ্যে আনেন অর্জুন। এবার সেই সম্পর্ক পেল আইনি স্বীকৃতি।

এর আগে বিয়ে নিয়ে নিজের অবস্থান জানিয়ে অর্জুন বলেছিলেন, সম্পর্কের ক্ষেত্রে বিয়ের কাগজ তাঁর কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। তাঁর মতে, বিয়ের পর অনেক সময় সম্পর্ককে স্থায়ী মনে করার একটি মানসিকতা তৈরি হয়। তবে গ্যাব্রিয়েলার সঙ্গে তাঁদের সম্পর্ক স্বাভাবিকভাবেই সুন্দরভাবে এগিয়েছে এবং দুজনই একে অপরকে ভালো পথে এগিয়ে যেতে সহযোগিতা করেছেন।

গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে মডেল ও সাবেক মিস ইন্ডিয়া মেহর জেসিয়ার সঙ্গে দাম্পত্য সম্পর্কে ছিলেন অর্জুন। ১৯৯৮ সালে তাঁদের বিয়ে হয়। সেই সংসারে দুই মেয়ে মাহিকা ও মাইরা। প্রায় ২১ বছরের দাম্পত্যের পর ২০১৯ সালে বিচ্ছেদ হয় তাঁদের।

বিচ্ছেদের পরও দুই মেয়ের সঙ্গে অর্জুনের সম্পর্ক ঘনিষ্ঠ রয়েছে। অন্যদিকে দীর্ঘ প্রেম, সংসার ও দুই সন্তানের পর এবার গ্যাব্রিয়েলার সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন অর্জুন রামপাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com