বিনোদন ডেস্ক:
দীর্ঘদিন পর আবারও আলোচনায় ইমরান হাশমি। তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আওয়ারাপন ২’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে।
বিশ্বব্যাপী প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ২৭ কোটি রুপির বেশি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৩৪ কোটি টাকা। ভারতের বাজারে সিনেমাটির প্রথম দিনের নেট আয় ২১ কোটি রুপি, আর গ্রস আয় প্রায় ২৫ কোটি ২০ লাখ রুপি।
এটি লিড অভিনেতা হিসেবে ইমরান হাশমির ক্যারিয়ারের সবচেয়ে বড় উদ্বোধনী আয়। এর আগে ২০১৭ সালের ‘বাদশাহো’ প্রথম দিনে ১২ কোটি ৫০ লাখ রুপি আয় করেছিল। নতুন সিনেমাটি সেই রেকর্ড প্রায় দ্বিগুণ করেছে।
মুক্তির আগেই ‘আওয়ারাপন ২’-এর অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় হয়েছিল ৮ কোটি রুপির বেশি। মুক্তির পর ভারতের টিয়ার-২ ও টিয়ার-৩ শহরগুলোতেও সিনেমাটি ভালো দর্শক টানছে।
সিনেমাটি মুক্তির এক দিনের মধ্যেই ইমরানের ‘মার্ডার’ ও প্রথম ‘আওয়ারাপন’ সিনেমার লাইফটাইম আয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে।
নিতিন কক্কর পরিচালিত ‘আওয়ারাপন ২’-এ ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন শাবানা আজমি, দিশা পাটানি ও সুবিন্দর ভিকি। প্রথম দিনের শক্তিশালী ব্যবসার পর সপ্তাহান্তে সিনেমাটির আয় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply