বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের নির্দেশ, ৭টার মধ্যে বিলবোর্ড বন্ধ রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

নিজস্ব সংবাদদাতা:

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে চলমান জল্পনার অবসান হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট)। এদিন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকের পরই রাষ্ট্রপতি পদে দলের প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

দলীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, দুপুর ১২টায় অনুষ্ঠেয় বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হবে। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে দলের পক্ষ থেকে প্রার্থীর নাম ঘোষণা আসতে পারে।

বিএনপির একাধিক নেতা ইঙ্গিত দিয়েছেন, দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরই রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেতে পারেন। তবে বৈঠকের আগে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।

গত ১০ আগস্ট বিএনপির স্থায়ী কমিটি রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর অর্পণ করে। এরপর থেকেই মির্জা ফখরুলের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আসে।

বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানিয়েছেন, বৃহস্পতিবারের বৈঠকে প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি সম্ভাব্য প্রার্থীর স্বাক্ষর নেওয়া হবে। এরপর প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষরসহ মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দিতে দলের একটি প্রতিনিধিদল পাঠানো হবে।

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ফলে সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই বিএনপির প্রার্থী সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় বিরোধী জোট রাষ্ট্রপতি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। ফলে এবার রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা তৈরি হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে।

রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। চট্টগ্রাম-৪ সংসদীয় আসন শূন্য থাকায় বর্তমানে মোট ৩৪৯ জন সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন।

এটি ৩৫ বছরের মধ্যে প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। ১৯৯১ সালে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। সংবিধানের ১২৩(২) ধারা অনুযায়ী, পদত্যাগের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বিধান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com