বাংলাদেশ বুলেটিন২৪ | ২৯ অক্টোবর ২০২৬, বিকেল ৪:০৮ মিনিট
গাজীপুরের তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাঁর নাক দিয়ে রক্ত বের হওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে পুলিশের সুরতহাল প্রতিবেদনে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান সুরতহাল প্রতিবেদনটি প্রস্তুত করেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিহতের খালাতো ভাই জহির হাসান মরদেহটি শনাক্ত করেন। মরদেহের উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি। মুখ ও চোখ বন্ধ ছিল এবং নাক দিয়ে রক্ত বের হওয়ার চিহ্ন পাওয়া যায়। শরীরের অন্য কোথাও দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ছাড়া পেট ফোলা অবস্থায় ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌপুলিশ। পরে মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হয়।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ২৭ অক্টোবর সন্ধ্যায় মায়ের সঙ্গে কেনাকাটা শেষে বাসায় ফেরেন তাহসিফ। কিছুক্ষণ পর এক সহকর্মীর সঙ্গে দেখা করার কথা বলে বাসা থেকে বের হন তিনি।
পরিবার জানায়, ২৮ অক্টোবর তাঁর কাছ থেকে সর্বশেষ ‘আসছি’ লেখা একটি বার্তা পাওয়া যায়। এরপর আর বাড়ি ফেরেননি তিনি।
তাহসিফ সৌরির মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।
Leave a Reply