ডেস্ক রিপোর্ট:দীর্ঘ প্রায় দুই বছর ধরে কিডনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন দেশের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু। যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন এই সংগীত পরিচালকের সম্প্রতি মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে। দীর্ঘদিন হাসপাতালে থাকার পর বর্তমানে তিনি নিজ বাসায় রয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন গীতিকার কবির বকুল।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে ইবরার টিপুর অসুস্থতার বিষয়টি তুলে ধরেন কবির বকুল। তিনি জানান, দীর্ঘদিন ধরে ক্যান্সারের চিকিৎসা চললেও বর্তমানে টিপুর শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক।
ইবরার টিপুর স্ত্রী সংগীতশিল্পী বিন্দু কণার বরাত দিয়ে কবির বকুল জানান, হাসপাতালে যথাযথ চিকিৎসা পাওয়া যাচ্ছে না বলে মনে করায় পরিবারের সদস্যরা তাকে বাসায় ফিরিয়ে এনেছেন।
সম্প্রতি স্ত্রী দিনাত জাহান মুন্নীর মাধ্যমে ভিডিও কলে ইবরার টিপুর সঙ্গে কথা বলেছেন কবির বকুল। দীর্ঘদিন পর প্রিয় সহকর্মীকে এমন অবস্থায় দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
স্মৃতিচারণ করে কবির বকুল জানান, চলতি বছরের রোজার ঈদে নিউইয়র্কে তার বাসায় ইবরার টিপুর সঙ্গে শেষ দেখা হয়েছিল। অসুস্থ শরীর নিয়েও সেদিন সেখানে গিয়েছিলেন তিনি।
কবির বকুলের ভাষায়, ইবরার টিপু এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। শারীরিকভাবে ভীষণ অসুস্থ হলেও তার চোখেমুখে এখনো সেই চেনা মায়া রয়েছে। দূরে থাকায় প্রিয় সহকর্মীর জন্য কিছু করতে না পারার কষ্টও প্রকাশ করেন তিনি।
বাংলাদেশের সংগীতাঙ্গনে ইবরার টিপু দীর্ঘদিন ধরে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তার সুর ও সংগীতায়োজনে তৈরি হয়েছে অসংখ্য জনপ্রিয় গান। উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না’, ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ এবং ‘বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ’।
প্রিয় সহকর্মীর অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করে কবির বকুল তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। একই সঙ্গে ইবরার টিপুর জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply