সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

বিশ্ব শিক্ষক দিবসে ১০১ গুণী শিক্ষক পাচ্ছেন সরকারি সম্মাননা

বিশ্ব শিক্ষক দিবসে ১০১ গুণী শিক্ষক পাচ্ছেন সরকারি সম্মাননা

ডেস্ক রিপোর্ট:

আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন পর্যায়ের ১০১ জন গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার। প্রত্যেক শিক্ষক পাবেন ২ লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননাপত্র।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি দুপুর ২টায় শুরু হওয়ার কথা।

এবার সম্মাননার জন্য শিক্ষার বিভিন্ন স্তর থেকে শিক্ষক নির্বাচন করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ের ১০ জন, মাধ্যমিকের ২০ জন, কলেজের ২৫ জন এবং সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০ জন শিক্ষক রয়েছেন। এছাড়া চিকিৎসা শিক্ষা থেকে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তিসহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষক সম্মাননা পাচ্ছেন। আরও ৬ জন শিক্ষক বিশেষভাবে নির্বাচিত হয়েছেন।

শিক্ষক নির্বাচনে সংশ্লিষ্ট শিক্ষা অধিদপ্তর ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে পৃথক সার্চ কমিটি কাজ করেছে। বিভিন্ন ক্যাটাগরিতে তৈরি করা প্যানেল যাচাই-বাছাই শেষে জাতীয় স্টিয়ারিং কমিটির মাধ্যমে চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হয়েছে।

এবার বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্যে শিক্ষকদের পেশাগত সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় আয়োজনের পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচি পালিত হবে। দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, মেডিকেল কলেজ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও দিবসটি উদযাপনের কর্মসূচি রয়েছে।

১৯৯৪ সাল থেকে ইউনেসকোর উদ্যোগে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। দিবসটির মূল লক্ষ্য শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সমাজে তাদের মর্যাদা ও অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com