সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

২০৩০ সালে একই বছরে দুইবার আসবে পবিত্র রমজান

২০৩০ সালে একই বছরে দুইবার আসবে পবিত্র রমজান

ডেস্ক রিপোর্ট:

মুসলমানদের পবিত্র মাস রমজান ঘিরে আগ্রহ থাকে প্রতিবছরই। তবে ২০৩০ সাল হতে যাচ্ছে বিশেষ একটি বছর। জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, ওই গ্রেগরিয়ান বছরে দুইবার রমজান মাসের সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বলছে, ২০৩০ সালের প্রথম রমজান শুরু হতে পারে ৫ জানুয়ারি। এটি হবে ১৪৫১ হিজরি সালের রমজান। এরপর একই বছরের ২৬ ডিসেম্বর আবার শুরু হতে পারে ১৪৫২ হিজরি সালের রমজান। তবে চাঁদ দেখার ওপর রমজানের আনুষ্ঠানিক সূচনা নির্ভর করায় দেশ ও অঞ্চলভেদে তারিখ একদিন আগে-পরে হতে পারে।

জ্যোতির্বিদ ইব্রাহিম আল-জারওয়ানের হিসাব অনুযায়ী, দুই রমজান মিলিয়ে ২০৩০ সালের মধ্যেই মুসলমানরা প্রায় ৩৬ দিন রোজা পালন করতে পারেন। বছরের শুরুতে প্রথম রমজানের প্রায় পুরো মাস এবং ডিসেম্বরের শেষ দিকে দ্বিতীয় রমজানের কয়েকটি রোজা একই গ্রেগরিয়ান বছরের মধ্যে পড়বে।

এর পেছনে রয়েছে হিজরি ও গ্রেগরিয়ান বর্ষপঞ্জির সময়ের পার্থক্য। হিজরি বর্ষপঞ্জি চাঁদের আবর্তনের ওপর নির্ভরশীল এবং একটি হিজরি বছর সাধারণত ৩৫৪ বা ৩৫৫ দিনের। অন্যদিকে গ্রেগরিয়ান বছর ৩৬৫ দিন এবং অধিবর্ষে ৩৬৬ দিনের।

এই ব্যবধানের কারণে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে রমজান প্রতিবছর প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে। প্রায় ৩৩ বছরের চক্রে ইসলামী মাসগুলো আবার কাছাকাছি একই সময়ে ফিরে আসে।

এর আগেও ১৯৯৭ সালে একই গ্রেগরিয়ান বছরে দুইবার রমজান শুরু হয়েছিল। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০৩০ সালের পর এমন ঘটনা আবার ঘটতে পারে ২০৬৩ সালে।

তবে এসব তারিখ জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস। ইসলামি রীতি অনুযায়ী নতুন চাঁদ বা হিলাল দেখার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রমজান শুরুর চূড়ান্ত ঘোষণা দেয়। তাই প্রকৃত তারিখে সামান্য পরিবর্তন হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com