শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

রেকর্ড গড়ে বক্স অফিসে ‘দৃশ্যম ৩’-এর ঝড়

রেকর্ড গড়ে বক্স অফিসে ‘দৃশ্যম ৩’-এর ঝড়

ডেস্ক রিপোর্ট:

বিজয় সালগাঁওকরের গল্পের শেষ অধ্যায় ঘিরে দর্শকের আগ্রহ যেন নতুন উচ্চতায় পৌঁছেছে। গান্ধীজয়ন্তীর ছুটিতে ২ অক্টোবর মুক্তির পর প্রথম দিনেই অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ বিশ্বব্যাপী ৯৫ কোটি ১০ লাখ রুপি আয় করেছে। এর মধ্যে ভারতে নিট আয় ৬৬ কোটি ৭৫ লাখ রুপি এবং বিদেশের বাজার থেকে এসেছে প্রায় ১৫ কোটি রুপি।

এই দুর্দান্ত সূচনার মাধ্যমে অজয় দেবগনের ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং পাওয়া সিনেমা হয়ে উঠেছে ‘দৃশ্যম ৩’। এর আগে তার সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড ছিল ২০২৪ সালের ‘সিংহাম এগেইন’-এর, যেটি ভারতে প্রথম দিনে প্রায় ৪৩ কোটি ৫০ লাখ রুপি আয় করেছিল।

নতুন ছবিটি উদ্বোধনী আয়ে শাহরুখ খানের ‘পাঠান’ ও রণবীর কাপুরের ‘অ্যানিমেল’-কেও ছাড়িয়ে গেছে। ‘পাঠান’ প্রথম দিনে ৫৭ কোটি এবং ‘অ্যানিমেল’ প্রায় ৬৩ কোটি রুপি আয় করেছিল। তবে হিন্দি সিনেমার সর্বকালের সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড এখনো ‘দৃশ্যম ৩’-এর দখলে যায়নি।

মুক্তির আগেই ছবিটির ব্যাপক সাড়ার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। অগ্রিম বুকিং থেকে ৫০ কোটি রুপির বেশি আয় এবং ১৩ লাখের বেশি টিকিট বিক্রির খবর আসে। মুক্তির দিন ভারতে ১৫ হাজারের বেশি শো অনুষ্ঠিত হয় এবং দিনের বিভিন্ন সময়ে প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

মুক্তির আগে বাণিজ্য বিশ্লেষকদের ধারণা ছিল, প্রথম দিনে ছবিটি ২৫ থেকে ৩০ কোটি রুপি আয় করতে পারে। বাস্তবে ৬৬ কোটি ৭৫ লাখ রুপি নিট আয় করে সেই পূর্বাভাসকে অনেকটাই ছাড়িয়ে যায় সিনেমাটি।

২০১৫ সালে মুক্তি পাওয়া প্রথম ‘দৃশ্যম’ মাত্র ৫ কোটি ৮৫ লাখ রুপি দিয়ে যাত্রা শুরু করেছিল। ২০২২ সালে ‘দৃশ্যম ২’-এর প্রথম দিনের আয় বেড়ে দাঁড়ায় ১৫ কোটি ৩৮ লাখ রুপিতে। আর তৃতীয় কিস্তির ৬৬ কোটি ৭৫ লাখ রুপির উদ্বোধন দেখিয়ে দিয়েছে এক দশকে ফ্র্যাঞ্চাইজিটির জনপ্রিয়তা কতটা বেড়েছে।

শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর চরিত্রে আবারও ফিরেছেন অজয় দেবগন। এবার তার সামনে নতুন প্রতিপক্ষ এসপি রাজবীর সিং তোমর, যে চরিত্রে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত। পাশাপাশি রয়েছেন তাবু, শ্রিয়া শরণ, ইশিতা দত্ত, মৃণাল যাদব ও প্রকাশ রাজ। ছবিটি পরিচালনা করেছেন অভিষেক পাঠক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com