ডেস্ক রিপোর্ট:
প্রায় দুই দশক পর ফিরতে চলেছে বলিউডের জনপ্রিয় কমেডি সিনেমা ‘হে বেবি’। ২০০৭ সালে মুক্তি পাওয়া অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, ফারদিন খান ও বিদ্যা বালান অভিনীত সিনেমাটির সিক্যুয়াল ‘হে বেবি ২’ নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে।
সিনেমাটির প্রযোজনার দায়িত্বে থাকছেন সাজিদ নাদিয়াদওয়ালা। সম্প্রতি মুম্বাইয়ে তার কার্যালয়ে নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্সের সঙ্গে বৈঠকের পর অস্ট্রেলিয়ায় তিনটি আসন্ন সিনেমার শুটিংয়ের পরিকল্পনা ঘোষণা করেন তিনি। এর মধ্যে রয়েছে ‘হে বেবি ২’।
মূল ‘হে বেবি’র একটি বড় অংশের শুটিং হয়েছিল অস্ট্রেলিয়ায়। সিক্যুয়ালের শুটিংও দেশটিতে করার পরিকল্পনা রয়েছে। তবে কবে থেকে শুটিং শুরু হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি।
অস্ট্রেলিয়ায় শুটিংয়ের অভিজ্ঞতা স্মরণ করে সাজিদ নাদিয়াদওয়ালা দেশটির চলচ্চিত্রবান্ধব পরিবেশ, পেশাদারিত্ব ও সহযোগিতার প্রশংসা করেন। নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্সও নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের অস্ট্রেলিয়ায় ফিরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
২০০৭ সালে মুক্তি পাওয়া ‘হে বেবি’ পরিচালনা করেছিলেন সাজিদ খান। সিনেমাটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে সাফল্য পেয়েছিল।
তবে ‘হে বেবি ২’-তে অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, ফারদিন খান ও বিদ্যা বালান ফিরছেন কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ফলে পুরোনো জনপ্রিয় তারকাদের সিক্যুয়েলে দেখা যাবে কি না, তা নিয়েই এখন দর্শকদের আগ্রহ।
Leave a Reply