ডেস্ক রিপোর্ট:
ভারতীয় ভিসা, বিশেষ করে ট্রানজিট ভিসার আবেদনকারীদের দালাল ও অননুমোদিত এজেন্টদের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় হাইকমিশন জানায়, ‘গ্যারান্টিযুক্ত ভিসা’, ‘দ্রুত প্রসেসিং’ কিংবা ‘কনফার্ম স্লট’-এর মতো নানা লোভনীয় প্রতিশ্রুতি দিয়ে আবেদনকারীদের আকৃষ্ট করার চেষ্টা করে দালালরা। এসব প্রতিশ্রুতি ভুয়া ও বিভ্রান্তিকর।
হাইকমিশন সতর্ক করে বলেছে, এসব প্রলোভনে পড়লে অর্থ ও সময় নষ্ট হওয়ার পাশাপাশি ভিসা পাওয়ার সুযোগও ক্ষতিগ্রস্ত হতে পারে।
কোনো অননুমোদিত এজেন্ট বা দালালের কাছে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ট্রানজিট ভিসার ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীর সহায়তা না নিয়ে সরাসরি নির্ধারিত ও অফিশিয়াল প্রক্রিয়ায় আবেদন করতে বলা হয়েছে।
প্রতারণা এড়াতে ভিসাপ্রার্থীদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন।
Leave a Reply