ডেস্ক রিপোর্ট:
হিন্দু ধর্মাবলম্বীদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে বিশেষ নিরাপত্তার ওপর নির্ভর করতে হবে, এমন পরিস্থিতি জাতীয় জীবনের জন্য দুঃখজনক।
এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে হবে—এমন আলোচনা ওঠা উচিত নয়। দেশের সংবিধান সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে।
তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে কোনো না কোনো ধর্মের মানুষ সংখ্যাগরিষ্ঠ হলেও প্রতিটি দেশের নাগরিকদের সমান অধিকার রয়েছে। বাংলাদেশেও ধর্ম-বর্ণনির্বিশেষে সবার সাংবিধানিক অধিকার সুরক্ষিত থাকা প্রয়োজন।
অতীতে ধর্মীয় সংখ্যালঘুদের রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, অনেকেই হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিয়েছেন। তবে দেশের স্বাধীন নাগরিক হিসেবে নিজেদের অধিকার ও নিরাপত্তার বিষয়টি বিচার করার দায়িত্ব তাদেরই।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হিন্দু ধর্মাবলম্বীদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই।’
তিনি আরও বলেন, প্রতিটি ধর্মের নিজস্ব বিশ্বাস, রীতিনীতি ও ধর্মীয় আচার রয়েছে। এসব বিশ্বাস মানুষের আবেগ ও জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। তাই সব ধর্মের মানুষের উচিত একে অপরের বিশ্বাস ও ধর্মীয় অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল থাকা।
আগামী দিনগুলোতে দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
একই অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির জানান, সারা দেশে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক লাখের বেশি সদস্য দায়িত্ব পালন করছেন।
আইজিপি বলেন, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো কাজ করছে। এরপরও পূজার আয়োজন নিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে বলে একটি পক্ষের অভিযোগ তোলাকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে কেউ কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। তবে সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
Leave a Reply