শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রথম ফুটবলার হিসেবে এককভাবে মর্যাদাপূর্ণ পুরস্কার পাচ্ছেন মেসি ঘণ্টায় ২২৭ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘চাম্পি’ হঠাৎ অসুস্থ ড. মঈন খান, হাসপাতালের সিসিইউতে ভর্তি চোয়ালে অস্ত্রোপচারের চার দিন পরই জিমে মার্তিনেজ, মাঠে ফিরতে লাগবে সময় বিয়ের জন্য বয়স নয়, মানসিক প্রস্তুতিই গুরুত্বপূর্ণ: নুসরাত ফারিয়া যুক্তরাষ্ট্রের ডিভি লটারি চালুর নির্দেশ আদালতের, আবেদন শুরু ১ নভেম্বরের মধ্যে হিন্দু ধর্মাবলম্বীদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি পারফিউম সাত বছরের আইনি জটিলতা কাটল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে বাধা নেই
প্রথম ফুটবলার হিসেবে এককভাবে মর্যাদাপূর্ণ পুরস্কার পাচ্ছেন মেসি

প্রথম ফুটবলার হিসেবে এককভাবে মর্যাদাপূর্ণ পুরস্কার পাচ্ছেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলাদেশ বুলেটিন২৪:

ফুটবল ক্যারিয়ারে অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত অর্জনের পর এবার নতুন এক ইতিহাস গড়তে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। প্রথম ফুটবলার হিসেবে এককভাবে স্পেনের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ পেতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী এই তারকা।

২০২৬ সালের ক্রীড়া বিভাগে পুরস্কারটির জন্য নির্বাচিত হয়েছেন মেসি। আগামী শুক্রবার (২৩ অক্টোবর) স্পেনের ওভিয়েদো শহরের তেয়াত্রো কাম্পোয়ামোরে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হবে।

স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে ও রানি লেতিসিয়ার উপস্থিতিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।

গত ৩ জুন প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশনের বিচারক প্যানেল মেসিকে এ বছরের ক্রীড়া বিভাগের বিজয়ী ঘোষণা করে। ১২টি দেশের ২৭টি মনোনয়ন থেকে তাঁকে নির্বাচিত করা হয়।

বিচারকেরা মেসির অসাধারণ ফুটবল প্রতিভা, দীর্ঘ ক্যারিয়ারে ধারাবাহিক সাফল্য, বিনয় ও দলীয় খেলায় অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তাঁর দাতব্য কার্যক্রমকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো মেসির ঝুলিতে রয়েছে আটটি ব্যালন ডি’অরসহ অসংখ্য দলীয় ও ব্যক্তিগত পুরস্কার। এবার সেই অর্জনের তালিকায় যুক্ত হচ্ছে আন্তর্জাতিকভাবে সম্মানজনক আরেকটি স্বীকৃতি।

১৯৮১ সালে যাত্রা শুরু করা প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড প্রতিবছর সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, আন্তর্জাতিক সহযোগিতা ও খেলাধুলাসহ আটটি বিভাগে দেওয়া হয়।

প্রতিটি বিভাগের বিজয়ী পান শিল্পী হুয়ান মিরোর নকশা করা একটি ভাস্কর্য, সনদ, ব্যাজ এবং ৫০ হাজার ইউরো অর্থমূল্যের পুরস্কার।

এর আগে ফুটবলে ব্রাজিলের ২০০২ সালের বিশ্বকাপজয়ী দল এবং স্পেনের ২০১০ সালের বিশ্বকাপজয়ী দল এই সম্মাননা পেয়েছিল। ২০১২ সালে যৌথভাবে পুরস্কারটি পান স্পেনের দুই কিংবদন্তি ফুটবলার ইকার ক্যাসিয়াস ও জাভি হার্নান্দেজ।

তবে কোনো ফুটবলারকে এককভাবে এই সম্মাননা দেওয়ার ঘটনা এবারই প্রথম।

এর আগে ক্রীড়া বিভাগে রাফায়েল নাদাল, সেরেনা উইলিয়ামসসহ বিশ্বের অনেক খ্যাতিমান ক্রীড়াবিদ পুরস্কারটি পেয়েছেন।

বিশ্বকাপ জয় থেকে শুরু করে ব্যক্তিগত সাফল্যের অসংখ্য রেকর্ড গড়া মেসির ক্যারিয়ারে এই স্বীকৃতি যোগ করছে নতুন এক অধ্যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com