বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি চালুর নির্দেশ আদালতের, আবেদন শুরু ১ নভেম্বরের মধ্যে হিন্দু ধর্মাবলম্বীদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি পারফিউম সাত বছরের আইনি জটিলতা কাটল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে বাধা নেই এইচএসসির ফল প্রকাশ ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে, মন্ত্রণালয়ে প্রস্তাব ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই ১৫ বছর পর ফিরছে ‘দ্য ডার্টি পিকচার’, নতুন গল্প নিয়ে একতা কাপুর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া কলকাতায় মারা যাওয়া ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের মরদেহ দেশে খুলনায় ছিনতাইকারীদের চাপাতির কোপে পুলিশ পরিদর্শক গুরুতর আহত
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি চালুর নির্দেশ আদালতের, আবেদন শুরু ১ নভেম্বরের মধ্যে

যুক্তরাষ্ট্রের ডিভি লটারি চালুর নির্দেশ আদালতের, আবেদন শুরু ১ নভেম্বরের মধ্যে

ডেস্ক রিপোর্ট :

যুক্তরাষ্ট্রের ২০২৭ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি কর্মসূচির নিবন্ধন চালুর নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। সংশোধিত আদালতের আদেশ অনুযায়ী, আগামী ২৯ অক্টোবরের মধ্যে নিবন্ধনের সময়সূচি ঘোষণা এবং ১ নভেম্বরের মধ্যে আবেদন গ্রহণ শুরু করতে হবে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে।

গত ১৪ অক্টোবর ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতের বিচারক জিনসুক ওহতা এ নির্দেশ দেন। নির্ধারিত সময়ে ডিভি লটারির নিবন্ধন কার্যক্রম শুরু না হওয়ায় দায়ের করা মামলার শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।

রেড ঈগল ল নামের একটি অভিবাসন আইন প্রতিষ্ঠান মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে মামলাটি করে। প্রতিষ্ঠানটির অভিযোগ ছিল, নির্ধারিত সময়ে নিবন্ধন শুরু না করে কার্যত ডিভি কর্মসূচির কার্যক্রম আটকে রাখা হয়েছে।

অন্যদিকে সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, প্রচলিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর নিবন্ধন চালু করলে কর্মসূচির আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে।

শুনানি শেষে আদালত ডিভি-২০২৭ কর্মসূচি চালুর নির্দেশ দেন। পরে উভয় পক্ষের আবেদনের ভিত্তিতে সময়সূচি সংশোধন করা হয়।

সংশোধিত নির্দেশনা অনুযায়ী, ২৯ অক্টোবরের মধ্যে নিবন্ধনের বিস্তারিত তথ্য প্রকাশ, ১ নভেম্বরের মধ্যে আবেদন গ্রহণ শুরু এবং অন্তত ৩০ দিন নিবন্ধন কার্যক্রম চালু রাখতে হবে। পাশাপাশি ৩ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত আবেদনকারীদের ফল জানানোর নির্দেশ রয়েছে।

ডিভি লটারি ‘গ্রিন কার্ড লটারি’ নামেও পরিচিত। এই কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে তুলনামূলক কম অভিবাসী পাঠানো দেশগুলোর যোগ্য নাগরিকদের জন্য প্রতিবছর সর্বোচ্চ ৫৫ হাজার অভিবাসী ভিসার ব্যবস্থা রয়েছে।

আবেদনের ক্ষেত্রে সাধারণত উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয়। বিকল্প হিসেবে নির্ধারিত শর্ত পূরণকারী পেশায় কাজের অভিজ্ঞতাও গ্রহণযোগ্য হতে পারে।

তবে লটারিতে নির্বাচিত হলেই গ্রিন কার্ড নিশ্চিত হয় না। প্রয়োজনীয় কাগজপত্র, শিক্ষাগত বা পেশাগত যোগ্যতা, নিরাপত্তা যাচাই এবং অন্যান্য অভিবাসনসংক্রান্ত শর্ত পূরণ করতে হয়।

বাংলাদেশি আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, ডিভি-২০২৭ কর্মসূচিতে বাংলাদেশ যোগ্য দেশের তালিকায় থাকবে কি না, তা এখনো নিশ্চিত নয়। চূড়ান্ত যোগ্যতার তালিকা ও আবেদনপদ্ধতি জানতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক নির্দেশনার অপেক্ষা করতে হবে।

আগ্রহীদের অননুমোদিত ওয়েবসাইট বা মধ্যস্থতাকারীর মাধ্যমে অর্থ লেনদেন না করে সরকারি তথ্য অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com