ডেস্ক রিপোর্ট:
শে
ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে আনা হয়েছে। ঢাকায় প্রথম জানাজা শেষে তার মরদেহ চট্টগ্রামের রাউজানে গ্রামের বাড়িতে নেওয়ার কথা রয়েছে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
রোববার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তার মরদেহ বাংলাদেশে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান।
এ সময় রোটনের স্ত্রী আরেফা সুলতানা মরদেহ গ্রহণ করেন।
এর আগে শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহফুজুল হায়দার চৌধুরী রোটন।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে মৃত্যুর ছয় দিন আগে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন।
মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছাত্ররাজনীতি শেষে তিনি আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন।
২০২১ সালে তাকে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য করা হয়।
চিকিৎসার প্রয়োজনে দুই বছরের বেশি সময় ধরে কলকাতায় অবস্থান করছিলেন রোটন। তার মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের পরিকল্পনা অনুযায়ী, ঢাকায় জানাজা শেষে মরদেহ চট্টগ্রামের রাউজানে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিকভাবে তাকে দাফন করা হবে।
Leave a Reply