বিনোদন ডেস্ক | বাংলাদেশ বুলেটিন২৪ | ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৫ মিনিট
বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদের শারীরিক অবস্থা সংকটাপন্ন। নিউমোনিয়ায় আক্রান্ত একুশে পদকপ্রাপ্ত এই গুণী শিল্পী রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। তাঁর ছোটবোন গণমাধ্যমকে জানিয়েছেন, তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মামুনুর রশীদ।
আরণ্যক নাট্যদলের সদস্য ও অভিনেত্রী মোমেনা চৌধুরী জানিয়েছেন, মামুনুর রশীদকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
এর আগেও ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েছিলেন এই অভিনেতা। পরে তাঁর ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি।
বাংলাদেশের মঞ্চনাটকের অন্যতম পথিকৃৎ মামুনুর রশীদ আরণ্যক নাট্যদলের প্রতিষ্ঠাতা। ১৯৭২ সালের ২১ ফেব্রুয়ারি শহীদ মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকের মাধ্যমে নির্দেশনায় যাত্রা শুরু করেন তিনি।
তাঁর রচিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘ইবলিশ’, ‘ওরা কদম আলী’, ‘রাঢ়াঙ’, ‘সংক্রান্তি’, ‘জয়জয়ন্তী’ ও ‘ময়ূর সিংহাসন’। তাঁর লেখা নাটক দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চেও প্রশংসিত হয়েছে।
টেলিভিশন নাটকেও অসামান্য অবদান রেখেছেন এই গুণী শিল্পী। তাঁর রচিত জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে রয়েছে ‘ইতিকথা’, ‘সুন্দরী’, ‘দানব’ ও ‘শিল্পী’।
চলতি বছর তাঁর লেখা কালজয়ী নাটক ‘ওরা কদম আলী’ মঞ্চায়নের ৫০ বছর পূর্তি হওয়ার কথা রয়েছে।
Leave a Reply