স্বাস্থ্য ডেস্ক | বাংলাদেশ বুলেটিন২৪ | ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৩৪ মিনিট
বিশ্বজুড়ে নতুন করে আলোচনায় এসেছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট পিজে.২.১ (PJ.2.1)। কানাডায় প্রথম শনাক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র, চীন, স্পেনসহ অন্তত ১৮টি দেশে ছড়িয়ে পড়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নতুন ধরনটিকে ‘পর্যবেক্ষণাধীন ভ্যারিয়েন্ট’ হিসেবে তালিকাভুক্ত করেছে। তবে এটি আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় বেশি গুরুতর অসুস্থতা বা মৃত্যুঝুঁকি সৃষ্টি করে, এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি।
স্পাইক প্রোটিনে ২৪টি পরিবর্তন
চিকিৎসাবিষয়ক সাময়িকী জার্নাল অব ইনফেকশনের বরাতে জানা গেছে, গত ২ মে কানাডার অন্টারিওতে প্রথম শনাক্ত হয় পিজে.২.১। এটি ওমিক্রনের জেএন.১ ধরনের বংশধর। এর স্পাইক প্রোটিনে সর্বোচ্চ ২৪টি অ্যামিনো অ্যাসিডের পরিবর্তন শনাক্ত করেছেন গবেষকেরা।
প্রাথমিক গবেষণায় মানবকোষের সঙ্গে ভ্যারিয়েন্টটির শক্তিশালীভাবে যুক্ত হওয়ার সক্ষমতার ইঙ্গিত পাওয়া গেছে। তবে এর অর্থ এই নয় যে ভাইরাসটি মানুষের মধ্যে আরও দ্রুত ছড়িয়ে পড়বে।
টিকা কতটা কার্যকর?
প্রাথমিক গবেষণার তথ্য অনুযায়ী, অন্যান্য প্রচলিত ভ্যারিয়েন্টের তুলনায় পিজে.২.১ বিদ্যমান টিকার মাধ্যমে তৈরি অ্যান্টিবডিকে উল্লেখযোগ্যভাবে এড়িয়ে যেতে পারে, এমন প্রমাণ পাওয়া যায়নি।
তবে সংক্রমণক্ষমতা, রোগের তীব্রতা ও টিকার কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।
আতঙ্ক নয়, প্রয়োজন সতর্কতা
বিশেষজ্ঞরা বলছেন, শুধু মিউটেশনের সংখ্যা দিয়ে কোনো ভ্যারিয়েন্টের ভয়াবহতা নির্ধারণ করা যায় না। ভাইরাসের গতিবিধি বুঝতে নিয়মিত জিনোমিক নজরদারি ও গবেষণা অব্যাহত রাখা জরুরি।
স্বাস্থ্যবিধি মেনে চলা, নিয়মিত হাত পরিষ্কার রাখা এবং শ্বাসতন্ত্রের সংক্রমণের উপসর্গ দেখা দিলে প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
Leave a Reply