ডেস্ক রিপোর্ট:
২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ সামনে রেখে সৌদি আরবের সবচেয়ে আলোচিত প্রকল্পগুলোর একটি নিওম স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। প্রস্তাবিত ১৫টি বিশ্বকাপ ভেন্যুর অন্যতম এই স্টেডিয়ামে প্রায় ৪৬ হাজার দর্শকের বসার ব্যবস্থা রাখার পরিকল্পনা ছিল।
প্রায় ২.৫ বিলিয়ন ডলার ব্যয়ের স্টেডিয়ামটি সৌদি আরবের উচ্চাভিলাষী ‘দ্য লাইন’ নগর প্রকল্পের ভেতরে নির্মাণের কথা ছিল। পরিকল্পনা অনুযায়ী, স্টেডিয়ামটির অবস্থান হতো ভূমি থেকে ৩৫০ মিটারেরও বেশি উচ্চতায়, যা এটিকে বিশ্বকাপের সবচেয়ে ব্যতিক্রমী ভেন্যুগুলোর একটিতে পরিণত করত।
‘দ্য লাইন’ সৌদি আরবের বিশাল নিওম প্রকল্পের অংশ। তবে এই নগর প্রকল্পের বাস্তবায়নে বিলম্ব এবং পরিকল্পনার পরিসর কমিয়ে আনার সিদ্ধান্তের প্রভাব পড়েছে স্টেডিয়াম নির্মাণেও। নির্মাণ খাতের তথ্য ও বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘মিড প্রজেক্টস’-এর তালিকায় নিওম স্টেডিয়াম প্রকল্পটিকে বর্তমানে ‘স্থগিত’ হিসেবে দেখানো হয়েছে। প্রকল্প শেষ হওয়ার সম্ভাব্য তারিখও উল্লেখ করা হয়নি।
ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ কর্মসূচির অন্যতম বড় উদ্যোগ নিওম। পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) গভর্নর ইয়াসির আল-রুমাইয়ান এর আগে জানিয়েছিলেন, ‘দ্য লাইন’ আপাতত সর্বোচ্চ অগ্রাধিকারের প্রকল্প নয় এবং ২০৩০ সালের আগেই এর বাস্তবায়ন সম্পন্ন করা অপরিহার্য নয়। তবে প্রকল্প বাতিলের বিষয়টি তিনি নাকচ করেছিলেন।
সৌদি আরবের বিশ্বকাপ পরিকল্পনায় নিওম স্টেডিয়ামে গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ম্যাচ আয়োজনের প্রস্তাব ছিল। মূল পরিকল্পনায় ২০৩২ সালের মধ্যে স্টেডিয়ামটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।
তবে নিওম স্টেডিয়ামকে ২০৩৪ বিশ্বকাপের ভেন্যুর তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখনো সৌদি কর্তৃপক্ষ কোনো ঘোষণা দেয়নি।
Leave a Reply