বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

৭৫ বছরে পা দিলেন সংগীতের কিংবদন্তি রুনা লায়লা

৭৫ বছরে পা দিলেন সংগীতের কিংবদন্তি রুনা লায়লা

বিনোদন ডেস্ক | বাংলাদেশ বুলেটিন২৪
১৭ নভেম্বর ২০২৬, রাত ৮:৫৩ মিনিট

উপমহাদেশের সংগীতাঙ্গনের নন্দিত ও কিংবদন্তি শিল্পী রুনা লায়লার জন্মদিন আজ। জীবনের ৭৪ বছর পূর্ণ করে ৭৫ বছরে পা রাখলেন এই বরেণ্য সংগীতশিল্পী। দীর্ঘ ছয় দশকের সংগীতজীবনে অসাধারণ কণ্ঠ ও সুরের জাদুতে জয় করেছেন কোটি শ্রোতার হৃদয়।

জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রুনা লায়লা। সৃষ্টিকর্তার দেওয়া সংগীতের প্রতিভা শ্রোতাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন তিনি।

ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘নিজেকে ভালোবাসো, একে-অপরকে ভালোবাসো। একে-অপরের যত্ন নাও। ধন্যবাদ সবাইকে।’

১৯৫২ সালের ১৭ নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন রুনা লায়লা। তার পৈতৃক বাড়ি রাজশাহীতে। ছোটবেলা থেকেই সংগীতের পরিবেশে বেড়ে ওঠেন তিনি।

বাংলা, হিন্দি, উর্দুসহ বিশ্বের ১৭টি ভাষায় গান গেয়েছেন এই কিংবদন্তি। তার গাওয়া গানের সংখ্যা ১০ হাজারের বেশি বলে জানা যায়। মাত্র তিন দিনে ৩০টি গান রেকর্ড করে গিনেস বিশ্ব রেকর্ডেও জায়গা করে নিয়েছেন তিনি।

বর্ণাঢ্য সংগীতজীবনে আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও স্বাধীনতা পুরস্কার এবং বিভিন্ন আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন রুনা লায়লা।

বয়সের সংখ্যা বাড়লেও সংগীতের প্রতি তার ভালোবাসা আজও অটুট। জীবনের বিশেষ এই দিনে তার একটাই প্রত্যাশা—আরও বহু বছর গান গেয়ে শ্রোতাদের ভালোবাসায় বেঁচে থাকা।

বাংলাদেশ বুলেটিন২৪-এর পক্ষ থেকে কিংবদন্তি এই সংগীতশিল্পীর প্রতি জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com