বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

Screenshot

জাতীয় ডেস্ক | বাংলাদেশ বুলেটিন২৪ | ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৩৮ মিনিট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন সাঈদ খোকন। পরবর্তী সময়ে দ্বিতীয় মেয়াদে দলীয় মনোনয়ন না পাওয়ায় শেখ ফজলে নূর তাপসের সঙ্গে তার প্রকাশ্য বিরোধ দেখা দেয়। বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের কার্যক্রম, চাঁদাবাজি ও ডেঙ্গু নিয়ন্ত্রণ নিয়ে তাপসের সমালোচনা করেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে ছিলেন সাবেক এই মেয়র। তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থপাচার, অবৈধ সম্পদ অর্জন এবং জুলাই-আগস্টের আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় একাধিক মামলা রয়েছে।

২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকনসহ তিনজনের বিরুদ্ধে ৫৪ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে আদালতের নির্দেশে সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব এবং ৯০ কোটি টাকার বন্ড বিনিয়োগ অবরুদ্ধ করা হয়। পাশাপাশি গুলশান, বনানী ও বারিধারায় থাকা একাধিক স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দেন আদালত।

এ ছাড়া সাঈদ খোকন ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় ২৯৭ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ রয়েছে। এর মধ্যে খোকনের বিরুদ্ধে এককভাবে ৯৪ কোটি ২০ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে চূড়ান্ত বিচারিক সিদ্ধান্ত এবং তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com