নিজস্ব প্রতিবেদক |বাংলাদেশ বুলেটিন২৪:
আজ শুক্রবার (২৩ অক্টোবর) থেকে সারা দেশে শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া বিশেষ সময়সীমা শেষ হওয়ায় আবারও আগের নিয়ম কার্যকর হচ্ছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিংমল, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে।
এর আগে দুর্গাপূজা উপলক্ষে ব্যবসায়ীদের সুবিধার্থে দোকানপাট খোলা রাখার সময় দুই ঘণ্টা বাড়িয়েছিল সরকার। গত ২২ অক্টোবর পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল।
গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগের জারি করা নির্দেশনায় স্পষ্টভাবে জানানো হয়, ২৩ অক্টোবর থেকে আগের সময়সূচি পুনরায় কার্যকর হবে।
নির্দেশনা বাস্তবায়নে দেশের সব সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন ও বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোকে বিষয়টি জানানো হয়েছে।
বিদ্যুৎ সাশ্রয় এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর চাপ কমাতে গত আগস্টে দোকানপাট বন্ধের সময় রাত ৯টা থেকে কমিয়ে ৮টা নির্ধারণ করেছিল সরকার।
তবে হাসপাতাল, ক্লিনিক, ফার্মেসি, খাবারের হোটেল-রেস্তোরাঁসহ জরুরি ও নিত্যপ্রয়োজনীয় সেবাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আগের নির্দেশনা অনুযায়ী এই সময়সীমার বাইরে রয়েছে।
Leave a Reply