ডেস্ক রিপোর্ট:
গুরুতর চোট ও অস্ত্রোপচারের ধাক্কা সামলে দ্রুত সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। চোয়ালের হাড় ভেঙে অস্ত্রোপচারের মাত্র চার দিন পরই জিমে শরীরচর্চা শুরু করেছেন বলে খবর পাওয়া গেছে। তবে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে তাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে চেলসির ২-০ গোলের জয়ের ম্যাচে গুরুতর চোট পান মার্তিনেজ। প্রতিপক্ষের ডিফেন্ডার জ্যারাড ব্রান্থওয়েটের সঙ্গে সংঘর্ষে তার চোয়ালে আঘাত লাগে।
মাঠেই প্রায় আট মিনিট চিকিৎসা দেওয়ার পর স্ট্রেচারে করে তাকে সরিয়ে নেওয়া হয়। পরে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় চোয়ালের হাড় ভাঙার বিষয়টি নিশ্চিত হলে অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচার সফল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের আশ্বস্ত করেন আর্জেন্টাইন এই গোলরক্ষক। শুভকামনা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে তিনি জানান, অস্ত্রোপচার ভালোভাবে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে দলের জয় এবং গোল হজম না করার বিষয়েও সন্তুষ্টি প্রকাশ করেন।
মার্তিনেজ আশা প্রকাশ করেছেন, কয়েক সপ্তাহের মধ্যেই তিনি মাঠে ফিরতে পারবেন।
এরই মধ্যে অস্ত্রোপচারের চার দিন পর জিমে ফেরার খবর পাওয়া গেছে। আপাতত শারীরিক সক্ষমতা ধরে রাখা এবং ধীরে ধীরে স্বাভাবিক অনুশীলনের জন্য নিজেকে প্রস্তুত করাই তার লক্ষ্য।
তবে জিমে শরীরচর্চা শুরু করা মানেই ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাওয়া নয়। চোয়ালের হাড় সেরে ওঠা এবং চিকিৎসকদের অনুমতির ওপর নির্ভর করবে তার মাঠে ফেরার সময়।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের বরাতে জানা গেছে, মার্তিনেজের পুনর্বাসন প্রক্রিয়া পর্যবেক্ষণ করা হচ্ছে। পুরোপুরি সুস্থ হওয়ার আগে তাকে প্রতিযোগিতামূলক ম্যাচে ফেরানোর ঝুঁকি নিতে চায় না সংশ্লিষ্টরা।
এদিকে মার্তিনেজের অনুপস্থিতিতে চেলসির গোলবার সামলানোর সম্ভাবনা রয়েছে তরুণ গোলরক্ষক মাইক পেন্ডার্সের। এভারটনের বিপক্ষে ম্যাচেই ২১ বছর বয়সী এই গোলরক্ষকের প্রিমিয়ার লিগে অভিষেক হয়।
Leave a Reply