নোয়াখালী প্রতিনিধি | বাংলাদেশ বুলেটিন২৪:
নোয়াখালীর চাটখিলে ভাগিনার সঙ্গে মোটরসাইকেল চালকের বিরোধ মীমাংসা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এসএ টিভির সাবেক সিনিয়র রিপোর্টার এস কে সৌরভ। তাঁর দাবি, ১৫ থেকে ২০ জনের একটি দল তাঁকে মারধর করেছে এবং তাঁকে ও তাঁর ভাগিনাকে হত্যার হুমকি দিয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই বাজারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী এস কে সৌরভ বর্তমানে ঢাকার একটি অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত। তাঁর ভাগিনা মেহেদী হাসান আবেদ ওমানপ্রবাসী।
সৌরভ জানান, ঘটনার রাতে দেলিয়াই বাজারের রাস্তা দিয়ে হাঁটার সময় একটি মোটরসাইকেল তাঁর ভাগিনার গায়ে লেগে যায়। এ নিয়ে চালকের সঙ্গে মেহেদী হাসানের কথা-কাটাকাটি হয়। পরিস্থিতি শান্ত করতে তিনি ও স্থানীয় কয়েকজন এগিয়ে যান।
একপর্যায়ে মোটরসাইকেল চালক মেহেদী হাসানকে গালিগালাজ ও মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ করেন সৌরভ। পরে স্থানীয়রা তাঁদের আলাদা করে দেন।
সৌরভের অভিযোগ, তিনি বিরোধ মীমাংসার চেষ্টা করলে মোটরসাইকেল চালক তাঁর সঙ্গেও দুর্ব্যবহার করেন এবং তাঁর ভাগিনাকে হত্যার হুমকি দেন।
এর কিছুক্ষণ পর ওই চালক ফোন করে কয়েকজন সহযোগীকে বাজারে ডেকে আনেন। তাঁরা লাঠিসোঁটা নিয়ে মেহেদী হাসানকে খুঁজতে থাকেন। তাঁকে না পেয়ে বাড়ি ফেরার পথে ১৫ থেকে ২০ জনের একটি দল সৌরভের পথরোধ করে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে বলে অভিযোগ তাঁর।
সৌরভ জানান, হামলাকারীরা তাঁকে মারধর করতে করতে বাজারের দিকে নিয়ে যায়। পরে তাঁর চাচাতো ভাই আবির নিজের দোকানে আশ্রয় দিলেও সেখানে আবার হামলার চেষ্টা করা হয়। একপর্যায়ে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় তিনি নিরাপদে সরে যান।
ঘটনার পর স্থানীয় একটি ডিসপেনসারি থেকে প্রাথমিক চিকিৎসা নেন তিনি।
সৌরভের দাবি, হামলাকারীদের অধিকাংশের বয়স ২০ বছরের নিচে। তাঁদের মধ্যে কিশোর গ্যাংয়ের সদস্য থাকতে পারে বলেও স্থানীয়দের বরাতে সন্দেহ প্রকাশ করেন তিনি।
এ ঘটনায় বুধবার (২১ অক্টোবর) থানায় গিয়ে তদন্ত, বিচার ও পরিবারের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার কথা জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এবং থানায় জিডি নথিভুক্ত হওয়ার তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
Leave a Reply