ডেস্ক রিপোর্ট:
বাংলা সংগীতের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনের আজ জন্মদিন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ৭২ বছর পূর্ণ করে ৭৩ বছরে পা দিলেন বরেণ্য এই কণ্ঠশিল্পী।
১৯৫৪ সালের এই দিনে জন্ম নেওয়া সাবিনা ইয়াসমিন শৈশব থেকেই সংগীতের পরিবেশে বেড়ে ওঠেন। নিয়মিত তালিম ও দীর্ঘ সাধনার মধ্য দিয়ে বাংলা সংগীতাঙ্গনে তৈরি করেন স্বতন্ত্র অবস্থান। প্রেম-বিরহ, আনন্দ-বেদনা কিংবা দেশাত্মবোধক গান—সব ক্ষেত্রেই তার কণ্ঠ শ্রোতাদের মুগ্ধ করেছে দশকের পর দশক।
১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ চলচ্চিত্রের ‘মধুর জোছনা দীপালি’ গানের মাধ্যমে চলচ্চিত্রে প্লেব্যাকের যাত্রা শুরু করেন তিনি। দীর্ঘ সংগীতজীবনে তার কণ্ঠে ধারণ করা হয়েছে ১০ হাজারের বেশি গান। এর মধ্যে চলচ্চিত্রের গান রয়েছে দেড় হাজারেরও বেশি।
দেশাত্মবোধক গানেও সাবিনা ইয়াসমিনের অবদান অনন্য। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মাতৃভূমির প্রতি ভালোবাসা তার গাওয়া অসংখ্য গানে ফুটে উঠেছে।
সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮৪ সালে একুশে পদক এবং ১৯৯৬ সালে স্বাধীনতা পদক লাভ করেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও রয়েছে তার রেকর্ডসংখ্যক অর্জন।
পাঁচ দশকের বেশি সময় ধরে বাংলা গানের জগৎ সমৃদ্ধ করা সাবিনা ইয়াসমিন আজও শ্রোতাদের কাছে সমানভাবে শ্রদ্ধা ও ভালোবাসার নাম। তার অসংখ্য কালজয়ী গান প্রজন্মের পর প্রজন্ম বাংলা সংগীতপ্রেমীদের হৃদয়ে বেঁচে আছে।
Leave a Reply