ডেস্ক রিপোর্ট:
লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হলেও সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তরুণ মিডফিল্ডার নিকো পাজ। সমর্থকদের পছন্দেও এগিয়ে আছেন তিনি।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি অবশ্য জানিয়েছেন, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হবেন, সেটি এখনও চূড়ান্ত হয়নি। মেসির বিদায়ী ম্যাচের আগে অন্য কাউকে এই জার্সি দেওয়ার পরিকল্পনাও নেই। তবে ভবিষ্যতে কাউকে না কাউকে এই ঐতিহাসিক নম্বরটি পরতেই হবে।
২২ বছর বয়সী নিকো পাজকে আর্জেন্টিনার নতুন প্রজন্মের অন্যতম সম্ভাবনাময় ফুটবলার হিসেবে দেখা হচ্ছে। ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি জাতীয় দলেও নিজের সামর্থ্যের ঝলক দেখিয়েছেন এই তরুণ।
বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সাম্প্রতিক ৪-০ গোলের জয়ে পাজ একটি গোল করার পাশাপাশি ক্রিস্তিয়ান রোমেরোর গোলে সহায়তাও করেন। মেসিবিহীন নতুন অধ্যায়ের প্রথম ম্যাচেই তার এমন পারফরম্যান্স ১০ নম্বর জার্সির উত্তরসূরি হিসেবে তাকে ঘিরে আলোচনা আরও বাড়িয়েছে।
তবে পাজই একমাত্র দাবিদার নন। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজসহ আরও কয়েকজনের নামও আলোচনায় রয়েছে। শেষ পর্যন্ত মেসির বিখ্যাত ১০ নম্বর কার গায়ে উঠবে, সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে স্কালোনির আনুষ্ঠানিক ঘোষণার।
Leave a Reply