বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন

ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন

ডেস্ক রিপোর্ট:

বিশ্বকাপ জয়ের পর ঘরের মাঠে প্রথম ম্যাচেই দাপুটে পারফরম্যান্স উপহার দিল স্পেন। সেভিয়ার র‌্যামন সানচেজ স্টেডিয়ামে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ লড়াইয়ে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে বিশ্বচ্যাম্পিয়নরা।

স্পেনের বড় জয়ের কেন্দ্রে ছিলেন তরুণ তারকা লামিন ইয়ামাল। জোড়া গোল করে ম্যাচের নায়ক হয়েছেন তিনি। বাকি দুই গোল এসেছে মার্ক পিউবিল ও নিকো উইলিয়ামসের পা থেকে।

ম্যাচ শুরুর মাত্র ৭০ সেকেন্ডের মধ্যেই এগিয়ে যায় স্বাগতিকরা। মার্ক কুকুরেয়া ও আলেক্স বায়েনার তৈরি আক্রমণ থেকে বল পান ফেরমিন লোপেস। তার ছেড়ে দেওয়া বল ধরে ডান দিক দিয়ে বক্সে ঢুকে নিচু শটে লক্ষ্যভেদ করেন ইয়ামাল।

পিছিয়ে পড়েও লড়াইয়ে ফেরে ক্রোয়েশিয়া। ২৮ মিনিটে ইভান পেরিসিচের ক্রস থেকে দুর্দান্ত হেডে সমতা ফেরান ডিওন দ্রেনা বেল্লো। তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র তিন মিনিট পর ফেরমিনের ক্রস থেকে হেডে গোল করে স্পেনকে আবার এগিয়ে দেন মার্ক পিউবিল।

দ্বিতীয়ার্ধেও স্প্যানিশদের আক্রমণের গতি কমেনি। ৬৩ মিনিটে পেদ্রির দুর্দান্ত থ্রু পাস ধরে কঠিন কোণ থেকে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোল করেন ইয়ামাল। পাঁচ মিনিট পর তাকে তুলে নেওয়ার সময় পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে করতালির মাধ্যমে তরুণ তারকাকে অভিবাদন জানায়।

৮১ মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে মাঠে নামেন ৪১ বছর বয়সী কিংবদন্তি লুকা মদরিচ। কিন্তু তিনিও ম্যাচের গতিপথ পাল্টাতে পারেননি। বরং ৮৯ মিনিটে বদলি হিসেবে নামা নিকো উইলিয়ামস গোল করে স্পেনের ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

টানা দুই জয়ে নেশনস লিগে দুর্দান্ত শুরু করল স্পেন। আগামী ৩ অক্টোবর তাদের পরবর্তী প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্র। একই দিনে ইংল্যান্ডের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com