ডেস্ক রিপোর্ট:
দেশের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিকে এক প্ল্যাটফর্মে সমন্বয় করে ভবিষ্যতে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে দেওয়া ভাষণে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন।
ভাষণে নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড ও স্পোর্টস কার্ডের উদ্যোগের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যমের সুফল যাতে বিশ্বের মানুষ সমানভাবে পেতে পারে, সে জন্য জাতিসংঘের কার্যকর নীতিমালা প্রণয়নের আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিপুল তরুণ জনগোষ্ঠী ও ক্রমবর্ধমান ডিজিটাল সক্ষমতা নতুন সম্ভাবনা তৈরি করেছে। সেই সম্ভাবনা কাজে লাগাতে উন্নত প্রযুক্তি, জ্ঞান ও গবেষণার সুযোগ সবার নাগালের মধ্যে আনার ওপর গুরুত্ব দেন তিনি। বর্তমান ডিজিটাল বিভাজন যেন ভবিষ্যতে এআই-ভিত্তিক বৈষম্যে রূপ না নেয়, সে বিষয়েও সতর্ক করেন।
রোহিঙ্গা সংকট নিয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সংকটের উৎস মিয়ানমারে এবং এর সমাধানও সেখানেই; জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে নিজ মাতৃভূমিতে প্রত্যাবাসনকেই তিনি সংকট সমাধানের পথ হিসেবে তুলে ধরেন।
Leave a Reply