ডেস্ক রিপোর্ট:
সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৬ জন। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে প্রীতি গ্রুপের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, একটি কাভার্ড ভ্যান থেকে গ্যাসভর্তি সিলিন্ডার নামানোর সময় বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে প্রথমে ছয়জনের মরদেহ পাওয়া যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম (৩৫) নামে আরও একজন মারা গেলে মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর একের পর এক বিকট শব্দে পুরো কারখানা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানালা-দরজার কাচ ভেঙে যায় এবং শ্রমিকরা দ্রুত কারখানা থেকে বেরিয়ে আসেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। গুরুতর চারজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছিল; তাদের মধ্যে একজন মারা গেছেন এবং প্রতিবেদনের সময় আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।
Leave a Reply