বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট

ডেস্ক রিপোর্ট:

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে গেছে কম্পিউটার, এসি, গুরুত্বপূর্ণ কাগজপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম ও ইন্টারনেট সার্ভারের বিভিন্ন যন্ত্রাংশ। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৬ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টার দিকে বায়েকের পাওনিয়ার বেজের সার্ভার রুমে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ও ধোঁয়া আশপাশের কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

অগ্নিকাণ্ডের পর বায়েকের দুটি ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পাশাপাশি এনপিসিবিএল ও বায়েকের বিভিন্ন কার্যালয়সহ প্রকল্পের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দীর্ঘ সময় পরও কয়েকটি স্থাপনায় বিদ্যুৎ ও ইন্টারনেট পুরোপুরি স্বাভাবিক হয়নি। বিদ্যুৎ না থাকায় কিছু স্থাপনায় পানির সংকটও দেখা দিয়েছে। 

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। 

সার্ভার রুমে আগুন এবং দীর্ঘ সময় বিদ্যুৎ-ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় প্রকল্পের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ নথি ও প্রযুক্তিগত সরঞ্জামের ক্ষয়ক্ষতি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com