ডেস্ক রিপোর্ট:
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্প এবং দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্পসহ মোট ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয় প্রায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হচ্ছে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে বৈদ্যুতিক ট্রেন চালু। ৫২ দশমিক ৩২ কিলোমিটার রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন ব্যবস্থা স্থাপনে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ হাজার ৮২২ কোটি ৫১ লাখ টাকা। প্রকল্পটি ২০৩১ সালের জুনের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
প্রকল্পের আওতায় পাঁচ কোচের ১৬ সেট ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) সংগ্রহের পাশাপাশি জয়দেবপুরে ট্রেন রক্ষণাবেক্ষণের জন্য আধুনিক ওয়ার্কশপ এবং প্রয়োজনীয় বৈদ্যুতিক অবকাঠামো নির্মাণ করা হবে। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশ রেলওয়ে প্রথমবারের মতো নিয়মিত বিদ্যুৎনির্ভর ট্রেন পরিচালনার যুগে প্রবেশ করবে।
একই সভায় মেট্রোরেলের তিনটি প্রকল্পও অনুমোদন পেয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাজধানীর গণপরিবহন ব্যবস্থার সক্ষমতা বাড়ানো এবং যানজট কমানোর লক্ষ্য রয়েছে।
Leave a Reply