বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

ইতালিতে হামলার শিকার বাঁধন, ‘শেষ দেখে ছাড়ব’

ইতালিতে হামলার শিকার বাঁধন, ‘শেষ দেখে ছাড়ব’

ডেস্ক রিপোর্ট:ইতালিতে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মামলা না করে ভেনিস থেকে দেশে ফিরবেন না বলেও জানিয়েছেন তিনি। 

ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে গিয়ে বাংলাদেশ সময় সোমবার রাতে ভেনিসের মেস্ত্রে এলাকায় এ ঘটনার মুখোমুখি হন বাঁধন। তার অভিযোগ, হামলাকারীরা নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। মঙ্গলবার ফেসবুক লাইভে এসে তিনি জানান, ঘটনার পর তিনি ও তার পরিবারের সদস্যরা বর্তমানে নিরাপদে আছেন। 

বাঁধন জানান, ঘটনার প্রয়োজনীয় প্রমাণ তাদের কাছে রয়েছে এবং ইতোমধ্যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সহযোগিতায় স্থানীয় থানায় আইনি অভিযোগ দায়েরের প্রক্রিয়াও শুরু করেছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান অভিনেত্রী। 

হামলার সময় তার ছোট ভাই, ভাইয়ের স্ত্রী ও তাদের তিন বছরের সন্তানও হেনস্তা ও শারীরিক আক্রমণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন বাঁধন। এতে তিনি গভীরভাবে মর্মাহত হলেও ভয় দেখিয়ে তাকে দমানো যাবে না বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। স্থানীয় ইতালীয় পুলিশ তাকে সহযোগিতা করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে বলেও জানান তিনি। 

এদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, বাঁধনের ওপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। ইতালিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com