ডেস্ক রিপোর্ট:নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ খনন শেষে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
মঙ্গলবার বিকেলে কূপটিতে গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। বর্তমানে সেখানে ড্রিল স্টেম টেস্ট (DST) চলছে। পরীক্ষা শেষ হলে কূপটিতে কী পরিমাণ গ্যাসের মজুত রয়েছে এবং বাণিজ্যিকভাবে কতটা উত্তোলনযোগ্য, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক জানিয়েছেন, ডিএসটি পরীক্ষা সম্পন্ন হওয়ার পরই কূপে মোট মজুত গ্যাসের পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে।
বাপেক্স সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই কূপটির খননকাজ শুরু হয়। ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিউডি (MWD) প্রযুক্তি ব্যবহার করে প্রায় ১ হাজার ৫৭৮ মিটার পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪২০ থেকে ১ হাজার ৪৬০ মিটার গভীরতার জোনে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে।
ডিএসটি পরীক্ষা শেষে গ্যাসের চাপ, প্রবাহ এবং মজুতের পরিমাণ সম্পর্কে আরও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে। এরপর কূপটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে।
Leave a Reply