বিনোদন ডেস্ক | বাংলাদেশ বুলেটিন২৪
দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে মারা গেছেন মডেল, অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছোট ভাই আয়াজ।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্রেন টিউমার ও ক্যান্সারজনিত জটিলতায় ভুগছিলেন তুলনা। কয়েক বছর আগে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠলেও সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
পরিবার জানিয়েছে, শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ পিসিকালচার হাউজিংয়ের ৩ নম্বর সড়কে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
মডেলিংয়ের পাশাপাশি অভিনয়, টেলিভিশন উপস্থাপনা, ফ্যাশন কোরিওগ্রাফি ও স্টাইলিংয়ে কাজ করেছেন তুলনা আল হারুন। সৃজনশীলতা ও কাজের দক্ষতার জন্য সহকর্মীদের কাছে পরিচিত ছিলেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় ছিলেন তুলনা। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী, ফ্যাশন ডিজাইনার, শিল্পী ও ভক্তরা শোক প্রকাশ করছেন।
তার মৃত্যুতে দেশের মডেলিং ও বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply