ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ সীমান্তের কাছাকাছি মিয়ানমারের রাখাইন রাজ্যে ভয়াবহ বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। সোমবার কায়ুকতো শহরে এই হামলার ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
রাখাইনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির দাবি, মিয়ানমারের সামরিক বাহিনী জনবহুল এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলার অন্যতম লক্ষ্য ছিল একটি বাজার। ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারের ছবি প্রকাশিত হয়েছে।
ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মুখপাত্র স্টেফান দুজারিক জানিয়েছেন, সর্বশেষ এই হামলা আবারও দেখিয়ে দিয়েছে যে রাখাইনের বর্তমান পরিস্থিতি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের উপযোগী নয়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস হামলার নিন্দা জানিয়ে বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত এবং সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন।
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে জান্তাবিরোধী সশস্ত্র সংঘাত তীব্র হয়েছে। রাখাইনেও জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে দীর্ঘদিন ধরে লড়াই চলছে। নতুন এই প্রাণঘাতী হামলা সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা এবং রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
Leave a Reply