ডেস্ক রিপোর্ট:
মাদক মামলায় মিসরের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারাহ খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হয়েছে।
মিসরের রাষ্ট্রীয় সংবাদপত্র আল-আহরামের বরাতে জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা একটি অপরাধী চক্রের সদস্য। তারা বিদেশ থেকে মাদক তৈরির উপকরণ আমদানি করতেন। তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র ও গুলিও উদ্ধার করা হয়েছে।
আদালত সূত্র জানিয়েছে, অভিযুক্তদের কাছ থেকে প্রায় ৭৫০ কেজি মাদক ও মাদক তৈরির কাঁচামাল জব্দ করা হয়। মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পাশাপাশি অভিযুক্তদের কথোপকথন ও ভিডিওসহ বিভিন্ন ইলেকট্রনিক প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।
৩৯ বছর বয়সী সারাহ খলিফা ‘মিশন ইমপসিবল’ নামের একটি অপরাধবিষয়ক অনুষ্ঠানের মাধ্যমে মিসরে ব্যাপক পরিচিতি পান। তবে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, মাদকবিরোধী সংস্থার কর্মকর্তারা তাকে মাদকের সামনে দাঁড় করিয়ে ছবি তুলেছেন এবং এর আগে তিনি কখনো মাদক দেখেননি।
প্রায় এক মাস আগে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলেও সম্প্রতি তা প্রকাশ করা হয়। দেশটির আইন অনুযায়ী প্রধান মুফতির ধর্মীয় মতামত নেওয়ার পর রায় প্রকাশ করা হয়েছে। তবে দণ্ডপ্রাপ্তরা এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
Leave a Reply