ডেস্ক রিপোর্ট:
বলিউড অভিনেতা দিনো মোরিয়াকে মুম্বাইয়ের নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (ইওডব্লিউ)। মিঠি নদী সংস্কার ও পলি অপসারণ প্রকল্পে কথিত আর্থিক অনিয়মের তদন্তের অংশ হিসেবে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০০৫ সাল থেকে চলমান মিঠি নদী পরিষ্কার প্রকল্প ঘিরে ১ হাজার ৩০০ কোটি রুপির বেশি আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। বিশেষ করে ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে প্রায় ৬৫ কোটি রুপির সন্দেহজনক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এ ঘটনায় ইওডব্লিউর পাশাপাশি ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও (ইডি) তদন্ত করছে। এর আগে প্রকল্পটির আর্থিক লেনদেন নিয়ে দিনো মোরিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। গত বছরের জুনে তার মুম্বাইয়ের বাসায় প্রায় ১৪ ঘণ্টা তল্লাশি চালায় ইডি। একই সময়ে মুম্বাই ও কোচির আরও ১৪টি স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়।
তদন্তে দিনোর ভাই সান্তিনো মোরিয়ার সংশ্লিষ্ট ইউবিও রাইডেজ নামের একটি প্রতিষ্ঠানে ১৮ লাখ রুপি স্থানান্তরের তথ্য উঠে এসেছে। পুলিশের দাবি, মামলার অন্যতম অভিযুক্ত কেতন কদমের মাধ্যমে ওই অর্থ স্থানান্তর করা হয়েছিল। কদমের সঙ্গে দিনো ও তার ভাইয়ের একাধিকবার ফোনে যোগাযোগের তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।
মুম্বাই পৌর করপোরেশনের মিঠি নদী পরিষ্কার প্রকল্পের জন্য সিল্ট পুশার ও ড্রেজিং মেশিন কেনার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ রয়েছে। তদন্তে জাল নথি ব্যবহার এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের যোগসাজশে অর্থ আত্মসাতের অভিযোগও উঠে এসেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ঠিকাদার, মধ্যস্থতাকারী, বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক এবং পৌর করপোরেশনের বর্তমান ও সাবেক কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
তদন্তকারীদের দাবি, প্রকল্পের অনিয়মে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) প্রায় ৬৫ কোটি ৫৪ লাখ রুপি আর্থিক ক্ষতি হয়েছে। দিনো মোরিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ এবং ঘটনায় তার সুনির্দিষ্ট ভূমিকা তদন্তের মাধ্যমে আরও স্পষ্ট হবে।
Leave a Reply