ডেস্ক রিপোর্ট:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দর থানায় মামলাটি করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব।
মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার সকালে মদিনা থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীদের চাপের কারণে ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলি সংকট দেখা দেয় এবং লাগেজ পেতে দেরি হয়। এতে যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে তার সঙ্গে আখতারুজ্জামানের বাগ্বিতণ্ডা হয়। এ সময় তাকে হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে।
এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণে বাধা দেওয়াকে কেন্দ্র করে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিনের সঙ্গে অসদাচরণ এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এছাড়া কয়েকজন যাত্রীর জমজমের পানির বোতল ট্রলি থেকে ফেলে দেওয়া এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, সরকারি কাজে বাধা, আঘাত, অপরাধমূলক বলপ্রয়োগ, অপমান ও ভয়ভীতি প্রদর্শনসহ দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি করা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করে তদন্ত করা হচ্ছে।
Leave a Reply