বিনোদন ডেস্ক:
বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে যে আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেছিলেন, তিন দশক পরও তা এতটুকু ম্লান হয়নি। আজ ৬ সেপ্টেম্বর তার ৩০তম মৃত্যুবার্ষিকী।
১৯৯৬ সালের এই দিনে মাত্র ২৪ বছর বয়সে রহস্যজনকভাবে মৃত্যু হয় সালমান শাহর। রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তে মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও এ নিয়ে আলোচনা ও রহস্য আজও পুরোপুরি থামেনি।
১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। তার পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন। চলচ্চিত্রে আসার আগে টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন।
১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সালমান শাহর। প্রথম সিনেমাতেই দর্শকের হৃদয় জয় করেন তিনি। এরপর মাত্র চার বছরে ২৭টি সিনেমায় অভিনয় করে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়কদের একজন হয়ে ওঠেন।
বিশেষ করে শাবনূরের সঙ্গে তার জুটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। অভিনয়ের পাশাপাশি পোশাক, চুলের স্টাইল ও ব্যক্তিত্বের কারণে নব্বইয়ের দশকের তরুণদের ফ্যাশন আইকনেও পরিণত হয়েছিলেন তিনি।
মাত্র ২৪ বছর বয়সে পৃথিবী ছেড়ে গেলেও সালমান শাহ আজও ভক্তদের কাছে সমান জনপ্রিয়। তিন দশক পেরিয়েও তার সিনেমা, অভিনয় ও স্টাইল নতুন প্রজন্মকে আকৃষ্ট করছে। বাংলা চলচ্চিত্রের ‘স্বপ্নের নায়ক’ তাই আজও বেঁচে আছেন অসংখ্য ভক্তের হৃদয়ে।
Leave a Reply