ডেস্ক রিপোর্ট:
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অপরটি উদ্ধার করে নিরাপদে নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে আগারগাঁও লিংক রোডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ঘটনাস্থলে আসেন। তারা সেখানে প্রায় দুই থেকে তিন মিনিট অবস্থান করে আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এরপর দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
নিক্ষেপ করা ককটেলের একটি ঘটনাস্থলেই বিস্ফোরিত হয়। অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকলে খবর পেয়ে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট সেটি উদ্ধার করে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।
ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাথমিকভাবে জানা গেছে, ককটেল নিক্ষেপের পর মোটরসাইকেল আরোহীরা আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে চলে যান।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজন তিনজনকে আটক করা হলেও ককটেল নিক্ষেপে ব্যবহৃত মোটরসাইকেলটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করছেন তদন্ত কর্মকর্তারা। ককটেল নিক্ষেপকারীদের পরিচয় নিশ্চিত করা এবং ঘটনার উদ্দেশ্য উদঘাটনে কাজ চলছে।
তবে আটক ব্যক্তিদের সরাসরি সম্পৃক্ততা এবং ঘটনার পেছনের কারণ সম্পর্কে তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ।
Leave a Reply