ডেস্ক রিপোর্ট:বাংলাদেশে হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল (HEV) উৎপাদনের কারখানা স্থাপনের পরিকল্পনা করছে টয়োটা বাংলাদেশ। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে দেশের একটি অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের কাজ শুরু হবে এবং ২০২৯ সালের মধ্যে পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়ার লক্ষ্য রয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানির নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠকে এ পরিকল্পনার কথা জানানো হয়।
বৈঠকে বাংলাদেশে টয়োটার কার্যক্রম সম্প্রসারণ, নতুন বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। টয়োটা প্রতিনিধিদল জানায়, নতুন উৎপাদন উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি স্থানান্তর এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে অবদান রাখার পরিকল্পনা রয়েছে তাদের।
প্রধানমন্ত্রী টয়োটার বিনিয়োগ পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেন, দেশি-বিদেশি বিনিয়োগের জন্য স্থিতিশীল ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে। বিদেশি বিনিয়োগকারীদের প্রয়োজনীয় নীতি সহায়তা ও অবকাঠামোগত সুবিধা দেওয়ার কথাও জানান তিনি। একই সঙ্গে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন।
টয়োটা পক্ষ থেকে আরও জানানো হয়, তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক দেশের সব বিভাগে সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবায়নাধীন। পাশাপাশি তরুণদের কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ শিল্পের উপযোগী মানবসম্পদ তৈরিতেও প্রতিষ্ঠানটি কাজ করতে আগ্রহী।
প্রস্তাবিত হাইব্রিড গাড়ি উৎপাদন প্রকল্পটি ‘With Bangladesh, For Bangladesh’ দর্শনের আওতায় বাস্তবায়নের কথা জানিয়েছে টয়োটা।
Leave a Reply