ডেস্ক রিপোর্ট:
শ
সুন্দরবনসংলগ্ন এলাকায় পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই গড়ে ওঠা পর্যটনকেন্দ্রিক স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। খুলনার দাকোপ উপজেলায় অনুমোদনহীন ১৮টি রিসোর্ট ও ইকো কটেজের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদফতর।
মঙ্গলবার (৬ অক্টোবর) খুলনা বিভাগীয় পরিবেশ অধিদফতরের উপপরিচালক সরদার শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার পরিবেশ অধিদফতরের খুলনা জেলা কার্যালয় থেকে সংশ্লিষ্ট রিসোর্ট মালিকদের লিখিতভাবে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনা অমান্য করা হলে পরিবেশ সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং নিয়মিত মামলা করার মতো আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে চিঠিতে জানানো হয়েছে।
পরিবেশ অধিদফতরের তালিকায় অরণ্যছায়া, অরণ্যবাড়ী, কেওড়াবন, মায়াবন, গহন, দ্য ফরেস্ট রিট্রিট, নিকুঞ্জ ভ্যালি, লা সিলভা কটেজ, বনবিবি, সুন্দরী, ইরাবতী, বনমালী, গোলকানন, পিয়ালী, ম্যানগ্রোভ, জঙ্গলবাড়ী, বনবাস ও বনলতা ইকো কটেজ রয়েছে। এগুলো সুন্দরবনের ঢাংমারী, কৈলাসগঞ্জ ও বাণিশান্তা এলাকায় অবস্থিত বলে জানিয়েছে অধিদফতর।
এর আগে অনুমোদন ছাড়া রিসোর্ট নির্মাণের অভিযোগে ১০টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানগুলো পরিবেশগত অনুমোদনের আবেদন করলেও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারায় গত ৩০ সেপ্টেম্বর তাদের আবেদন বাতিল করা হয়।
এ ছাড়া নতুন করে নির্মিত আরও আটটি রিসোর্টকে সাত দিনের মধ্যে অনুমোদনযোগ্য স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় তাদের কার্যক্রম বন্ধের পাশাপাশি ১৫ দিনের মধ্যে স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
সুন্দরবনের পরিবেশগত সংকটাপন্ন এলাকায় অনুমোদনহীন পর্যটন স্থাপনা এবং পর্যটক চলাচলের পরিবেশগত প্রভাব নিয়ে সাম্প্রতিক সময়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিবেশ অধিদফতর জানিয়েছে, আইন অনুযায়ী এসব স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply