আন্তর্জাতিক ডেস্ক:
ইতালির রোমে কনসার্টে অংশ নিতে গিয়ে হোটেলের কক্ষ নোংরা ও অপরিচ্ছন্ন অবস্থায় রেখে যাওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশের জনপ্রিয় রকস্টার নগর বাউল জেমস ও তাঁর সফরসঙ্গীদের বিরুদ্ধে। এ ঘটনায় অতিরিক্ত পরিচ্ছন্নতার জন্য অন্তত ২০০ ইউরো পরিশোধ করতে হবে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
জানা গেছে, গত ১৬ আগস্ট রোমের একটি কনসার্টে অংশ নিতে জেমস ও তাঁর সফরসঙ্গীরা বেস্ট ওয়েস্টার্ন হোটেলের একটি অ্যাপার্টমেন্টে অবস্থান করেন। চেক-আউটের পর কক্ষটির কয়েকটি ছবি এবং হোটেল কর্তৃপক্ষ ও আয়োজক প্রতিনিধির কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যায়, হোটেল ম্যানেজমেন্ট আয়োজক প্রতিনিধি মোয়াজকে পাঠানো বার্তায় কক্ষটির অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। হোটেলের পাঠানো ছবিতে মেঝেতে ব্যবহৃত পানির বোতল ও বিভিন্ন আবর্জনা, টেবিলে ব্যবহৃত প্লেট, পলিথিন ব্যাগ এবং খাবারের উচ্ছিষ্ট দেখা যায়।
এ ছাড়া রান্নাঘরের সিঙ্কে নোংরা থালা-বাসনের সঙ্গে কাঁচা ডিম পড়ে থাকতেও দেখা গেছে। কক্ষের বিভিন্ন অংশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা জিনিসপত্র ও আবর্জনার ছবিও প্রকাশ্যে এসেছে।
হোটেল কর্তৃপক্ষের বার্তায় বলা হয়, কক্ষটির এমন অবস্থার বিষয়ে তারা মন্তব্য করতে চায় না। তবে বিষয়টি নিয়ে আয়োজক পক্ষের দ্রুত প্রতিক্রিয়া প্রত্যাশা করছে তারা।
বার্তায় আরও জানানো হয়, ভবিষ্যতে ওই হোটেলের সুবিধা ব্যবহার করতে হলে চূড়ান্ত পরিচ্ছন্নতার জন্য ন্যূনতম ২০০ ইউরো পরিশোধ করতে হবে। এই অর্থ পরিশোধ না করলে সংশ্লিষ্ট আয়োজক বা অতিথিদের ভবিষ্যতে সেখানে কক্ষ দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে বলেও জানানো হয়েছে।
এদিকে, একই কনসার্টকে কেন্দ্র করে জেমসের ম্যানেজার রবিনের বিরুদ্ধেও আয়োজক পক্ষ প্রতারণার অভিযোগ তুলেছে বলে জানা গেছে। তবে এ অভিযোগের বিস্তারিত তথ্য বা সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও স্ক্রিনশটের ভিত্তিতেই এসব অভিযোগ সামনে এসেছে। এখন পর্যন্ত অভিযোগগুলোর বিষয়ে জেমস, তাঁর ম্যানেজার কিংবা সফরসঙ্গীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply