বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন

ডেস্ক রিপোর্ট:

দীর্ঘ ৩৫ বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট শেষে সংসদ কক্ষেই ব্যালট গণনা করে ফল ঘোষণা করবেন নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ইসি সচিব আখতার আহমেদ জানান, জাতীয় সংসদের ৩৫০ সদস্যের মধ্যে বিএনপির সংসদ সদস্য আসলাম চৌধুরীর সদস্যপদ আদালতের রায়ে বাতিল হওয়ায় এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার সংখ্যা ৩৪৯ জন। প্রত্যেক সংসদ সদস্যকে একটি করে ব্যালট পেপার দেওয়া হবে। নির্ধারিত স্থানে প্রার্থীর নামের পাশে স্বাক্ষর করে ব্যালটটি বাক্সে জমা দিতে হবে।

ভোটগ্রহণের শুরুতে ২০ মিনিট এবং শেষ পর্যায়ে গুরুত্বপূর্ণ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে। ভোট শেষে ব্যালট বাক্স খোলা, গণনা ও ফল ঘোষণার দৃশ্যও সরাসরি সম্প্রচার করা হবে।

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে। চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে। অর্থাৎ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সংসদ সদস্য ভোট দিলে তার সদস্যপদ শূন্য হতে পারে।

জাতীয় সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তবে পরাজয়ের সম্ভাবনা জেনেও প্রতিদ্বন্দ্বিতায় থাকাকে গণতান্ত্রিক অংশগ্রহণের গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখছে বিরোধী জোট।

এর আগে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯১ সালে। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাসের বিপরীতে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী। নির্বাচনে জয়ী হন আবদুর রহমান বিশ্বাস।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট শেষে নির্বাচিত রাষ্ট্রপতির নামে গেজেট প্রকাশ করা হবে। আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com