বলিউড তারকা শাহরুখ খানের মুম্বাইয়ের বাসভবন ‘মান্নাত’-এর বাগান থেকে জোড়া সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে বাড়ির একটি শেডের নিচে পরস্পর জড়িয়ে থাকা অবস্থায় সাপ দুটিকে দেখতে পান বাসভবনের লোকজন।
খবর পেয়ে সাপ উদ্ধারকারী ভিকি দুবে ‘মান্নাত’-এ গিয়ে একটি সাপ নিরাপদে উদ্ধার করেন। পরে বন বিভাগের রাউন্ড অফিসার দীপক দাদা গায়কোয়াড় এবং থানে-মুম্বাই রেঞ্জ অফিসের কন্ট্রোলারকে বিষয়টি জানানো হয়।
উদ্ধার করা সাপটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট। এটি ‘ধামান’ বা ইন্ডিয়ান র্যাট স্নেক হিসেবে শনাক্ত করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই প্রজাতির সাপ বিষহীন এবং সাধারণত মানুষের জন্য ক্ষতিকর নয়।
তবে লোকজনের উপস্থিতির সুযোগে দ্বিতীয় সাপটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর ‘মান্নাত’-এর নিরাপত্তাকর্মী ও পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
পরে দ্বিতীয় সাপটির সন্ধানে গভীর রাত পর্যন্ত বাসভবনের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হলেও সেটির কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার করা সাপটিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply