শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

স্মৃতিসৌধে নতুন পাঁচ মন্ত্রীর শ্রদ্ধা।

স্মৃতিসৌধে নতুন পাঁচ মন্ত্রীর শ্রদ্ধা।

ডেস্ক রিপোর্ট:

সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর মধ্যে পাঁচজন।

শনিবার (২২ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন ড. আবদুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী, হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন। শ্রদ্ধা নিবেদনের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন।

এর আগে সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি। পরে তাদের মধ্যে মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হয়।

নতুন মন্ত্রীদের মধ্যে ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এম রশিদুজ্জামান মিল্লাত পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে এর আগে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে নতুন প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগে থেকেই প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন শামা ওবায়েদ ইসলাম। ফলে এ মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। মন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন ড. খলিলুর রহমান।

এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর এবারই প্রথম বড় ধরনের মন্ত্রিসভা পুনর্বিন্যাস করা হলো। নতুন ছয় সদস্যের দপ্তর বণ্টন এবং কয়েকজনের দায়িত্ব পরিবর্তনের মধ্য দিয়ে এবারের মন্ত্রিসভা পুনর্গঠন সম্পন্ন হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com