ডেস্ক রিপোর্ট:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করে দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত।
স্থানীয় সময় শুক্রবার (২১ আগস্ট) নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের বিচারক জেনেট ভার্গাস এ রায় দেন। আদালত বলেছেন, জাতীয়তার ভিত্তিতে কোনো দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়ার এই নীতি ক্ষমতার সীমা অতিক্রম করেছে এবং মার্কিন অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক।
রায়ে বিচারক ভার্গাস বলেন, আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে অভিবাসী ভিসা দেওয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত স্পষ্টতই বেআইনি। কনস্যুলার কর্মকর্তাদের ভিসা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতার ওপরও ফেডারেল আইন সীমা নির্ধারণ করে দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন এই ভিসা স্থগিতের নীতি কার্যকর করে। এর আওতায় বাংলাদেশ ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের নাগরিকেরা পড়েন। একই সঙ্গে ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে, বসনিয়া ও আলবেনিয়াসহ আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করা হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল, এসব দেশের ভিসা আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তা এবং স্থানীয়, অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সম্পদের ওপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি তুলনামূলক বেশি।
ভিসা স্থগিতের এই নীতির বিরুদ্ধে অভিবাসী অধিকার সংগঠন ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক, আফ্রিকান কমিউনিটিজ টুগেদার, কয়েকজন ভিসা আবেদনকারী এবং মার্কিন নাগরিকদের একটি পক্ষ আদালতে মামলা করে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই শুক্রবার নীতিটি বাতিলের রায় দেন বিচারক।
ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে তাঁর প্রশাসন। সরকারের দাবি, জাতীয় নিরাপত্তা জোরদার এবং সরকারি সম্পদের ওপর চাপ কমাতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তবে মানবাধিকার ও অভিবাসী অধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে এসব নীতির সমালোচনা করে আসছে। তাদের অভিযোগ, এ ধরনের পদক্ষেপ বৈষম্য তৈরি করছে এবং অভিবাসীদের যথাযথ আইনি সুরক্ষার অধিকার ক্ষুণ্ন করছে।
শুক্রবারের আদালতের রায়ের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
Leave a Reply