আন্তর্জাতিক ডেস্ক:
দীর্ঘদিন পর প্রকাশ্যে দেখা গেল ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। বৃহস্পতিবার (২০ আগস্ট) হোয়াইট হাউসে তরুণদের জন্য বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে হাজির হন তিনি।
সাংবাদিকদের সামনে মেলানিয়া বলেন, “শুভ অপরাহ্ন! আমি শুনেছি আপনারা আমাকে মিস করছিলেন। এই তো আমি।”
এর আগে গত ১৯ জুলাই বিশ্বকাপ ফুটবল উপলক্ষে তাকে সর্বশেষ প্রকাশ্যে দেখা গিয়েছিল। সাম্প্রতিক সময়ে ট্রাম্পের কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেও অনুপস্থিত ছিলেন মেলানিয়া। এ কারণেই তাকে ঘিরে নানা জল্পনা তৈরি হয়।
এর মধ্যেই ট্রাম্পের নির্বাহী সহকারী নাটালি হার্পকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়। ডেমোক্র্যাটিক সিনেটর জন অসফ ট্রাম্পের সঙ্গে হার্পের ঘনিষ্ঠতা এবং বিভিন্ন সফরে তার উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় হোয়াইট হাউস।
হোয়াইট হাউসে হার্পের আনুষ্ঠানিক পদ ‘এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু দ্য প্রেসিডেন্ট’। তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তাকে প্রায় সবসময় প্রেসিডেন্টের কাছাকাছি দেখা যায়। ওভাল অফিস থেকে শুরু করে বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সফরেও ট্রাম্পের পাশে থাকেন তিনি।
ট্রাম্পের তথ্য ও যোগাযোগ নিয়ন্ত্রণে হার্পের প্রভাব নিয়েও আলোচনা রয়েছে। তাকে প্রায়ই বহনযোগ্য প্রিন্টার নিয়ে ট্রাম্পের আশপাশে দেখা যায়। এ কারণে হোয়াইট হাউসের সাংবাদিকদের কেউ কেউ তাকে ‘মানব প্রিন্টার’ বলেও অভিহিত করেন।
তবে হার্প ও ট্রাম্পের সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনের বিষয়ে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কোনো অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেনি। অন্যদিকে, মেলানিয়ার সাম্প্রতিক প্রকাশ্য উপস্থিতি সেই জল্পনার মধ্যেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
Leave a Reply