সাঈদ খান:
কথা কখনো সঞ্জীবনী,
কখনো বিষাদময় বিষের আধার,
অল্পে তার অভাব জ্বালায়,
অধিকতায় দগ্ধ হয় অন্তর।
নিঃশব্দতার অতল গহ্বরে
কথাই জাগায় প্রাণের স্পন্দন,
আবার সেই কথার মায়াতেই
বিসর্জিত হয় সমগ্র জীবন।
কিছু কথা প্রলেপ হয়ে
প্রশমিত করে হৃদয়ের ক্ষত,
কিছু উচ্চারণে অনিবার্যভাবে
রেখে যায় বেদনার ক্ষতচিহ্ন।
কথার আবেশে মানুষ খুঁজে পায়
বেঁচে থাকার অবলম্বন,
আবার কথারই বন্ধনে
হারিয়ে ফেলে আপন অস্তিত্বের সংজ্ঞা।
অকথিত শব্দরা জমে থাকে
চেতনার গোপন অলিন্দে,
নীরবতার আড়ালেও তারা
প্রতিধ্বনিত হয় অবিরাম ছন্দে।
জীবনের শেষ প্রহর অবধি
রয়ে যাবে সেই অতৃপ্ত আকাঙ্ক্ষা—
কথার জন্য,
কিছু সত্য উচ্চারণের জন্য,
এক অনন্ত ক্ষুধা।
Leave a Reply