স্পোর্টস ডেস্ক:
মাঠে প্রতিপক্ষকে নিজের ফুটবল জাদুতে কাবু করতে অভ্যস্ত লিওনেল মেসি এবার শাস্তির মুখে পড়েছেন। প্রতিপক্ষের মুখ, মাথা কিংবা ঘাড়ে হাত না দেওয়ার নিয়ম ভাঙায় মেজর লিগ সকারের (এমএলএস) ডিসিপ্লিনারি কমিটি ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন তারকাকে জরিমানা করেছে। তবে জরিমানার পরিমাণ প্রকাশ করা হয়নি।
বুধবার চেস্টারে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির ২-২ গোলের ম্যাচে ঘটে ঘটনাটি। ম্যাচের ১০১তম মিনিটে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।
এ সময় প্রতিপক্ষের খেলোয়াড়ের মুখ, মাথা বা ঘাড়ে হাত দেওয়ার নিয়ম লঙ্ঘন করেন মেসি। একই অপরাধে ইন্টার মায়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রেইকেও জরিমানা করা হয়েছে।
ম্যাচের অতিরিক্ত সময়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার ক্যাভান সালিভানকে লাল কার্ড দেখান রেফারি।
তবে পরে ফিলাডেলফিয়ার আবেদনের পর সালিভানের লাল কার্ডের সিদ্ধান্ত পর্যালোচনা করে স্বাধীন রিভিউ প্যানেল। ইউএস সকার, কানাডা সকার ও পেশাদার রেফারি সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত প্যানেল সর্বসম্মতভাবে তাঁর এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। ফলে শনিবার অস্টিন এফসির বিপক্ষে মাঠে নামতে পারবেন এই তরুণ ফুটবলার।
এদিকে মেসির পাশাপাশি এমএলএসের আরও কয়েকজন খেলোয়াড়ও শৃঙ্খলাজনিত কারণে জরিমানার মুখে পড়েছেন। টরন্টো এফসির ডিফেন্ডার ওয়াকার জিমারম্যান শার্লট এফসির বিপক্ষে ম্যাচে লাল কার্ড পাওয়ার পর সময়মতো মাঠ না ছাড়ায় জরিমানা পেয়েছেন।
অন্যদিকে, মিনেসোটা ইউনাইটেডের ডিফেন্ডার অ্যান্থনি মারকানিচ আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ফাউলের নাটক বা সিমুলেশনের অভিযোগে জরিমানার শাস্তি পেয়েছেন।
গোল, অ্যাসিস্ট আর দুর্দান্ত ফুটবল দিয়ে নিয়মিত আলোচনায় থাকা মেসির নাম এবার শৃঙ্খলাভঙ্গের জরিমানার তালিকায় ওঠায় বিষয়টি নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
Leave a Reply