ডেস্ক রিপোর্ট:
নতুন করে তিনজন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী শপথ নেওয়ায় বাংলাদেশের মন্ত্রিসভার আকার বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়াও রয়েছেন ২৮ জন মন্ত্রী ও ২৩ জন প্রতিমন্ত্রী।
মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং এম রশিদুজ্জামান মিল্লাত।
অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন ও হুমায়ুন কবির।
আব্দুল মঈন খান নরসিংদী-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। আন্দালিভ রহমান পার্থ বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে ভোলা-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন। সাচিং প্রু জেরী বান্দরবান আসনের সংসদ সদস্য ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক।
এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। এর আগে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। হুমায়ুন কবির এর আগে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর মোহাম্মদ শামীম কায়সার লিংকন গাইবান্ধা-৪ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য।
শপথগ্রহণের পর বিএনপির দলীয় ও সরকারের একটি সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যে মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টনের বিষয়টি প্রায় চূড়ান্ত হয়েছে।
সূত্রের তথ্য অনুযায়ী, আব্দুল মঈন খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। এর আগে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আন্দালিভ রহমান পার্থ তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। এ মন্ত্রণালয়ের বর্তমান দায়িত্বশীল জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হতে পারে।
এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা রয়েছে। আর বর্তমানে ওই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।
সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা রয়েছে। গত ১ জুন এ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন দীপেন দেওয়ান।
এদিকে মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হতে পারেন। বর্তমানে এ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
হুমায়ুন কবিরকে টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার কথা রয়েছে। বর্তমানে এ মন্ত্রণালয়ের মন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন শামা ওবায়েদ।
হুমায়ুন কবির দায়িত্ব পেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানিয়েছে, নতুন করে মন্ত্রণালয় বণ্টনের বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। ওইদিন প্রধানমন্ত্রীসহ ৪৮ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নেন।
এ ছাড়া বর্তমানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদায় পাঁচজন এবং প্রতিমন্ত্রী পদমর্যাদায় পাঁচজন বিভিন্ন দায়িত্ব পালন করছেন।
Leave a Reply