বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

বগুড়ার তাপমাত্রা ৯.১ ডিগ্রি, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান

বগুড়ার তাপমাত্রা ৯.১ ডিগ্রি, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার-

বগুড়ায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) সকালে জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ায় সব মাধ্যমিক ও প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

আগে ঘোষণা না দেওয়ায় অনেক প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকরা এসে অনেকক্ষণ অপেক্ষার পর ফিরে যান।

তবে জেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আবার সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন, একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। দু’টি প্রতিষ্ঠানের আলাদা সিদ্ধান্তে অভিভাবকরা বিভ্রান্ত হচ্ছেন।

বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী জানান, সর্বনিম্ন তাপমাত্রা থাকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের নির্দেশনা মোতাবেক ও বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক ২২ জানুয়ারি সোমবার জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় জেলার মাধ্যমিক স্তরের সব স্কুল/মাদ্রাসা বন্ধ রাখতে অনুরোধ করা হয়েছে। বিষয়টি জেলার ১২ উপজেলার শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।

অন্যদিকে বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান চৌধুরী জানান, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় জেলার সব প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠান খোলা থাকবে, শুধু শিক্ষক ও প্রতিষ্ঠানের অন্যরা আসবেন। আর এ ছুটি শুধু একদিনের জন্য।

বগুড়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নুরুল ইসলাম জানান, সোমবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। ১০ ডিগ্রির নিচে হওয়ায় একে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। এর আগে গত ১৬ জানুয়ারি সর্বনিম্ন ১০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com